পশ্চিমবঙ্গ
নেপালের ভয়াবহ হড়পা বানে নিখোঁজ কলকাতার ৩২ পর্যটক, বাড়ছে উদ্বেগ
প্রকাশিত:
27 Aug 2026, 08:06 AM
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানের পর থেকেই কলকাতার ৩২ জনের একটি পর্যটক দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দলটির মধ্যে ৩০ জন পর্যটক এবং ২ জন ভ্রমণ সংস্থার কর্মী রয়েছেন। তাঁরা কৈলাস-মানস সরোবর যাত্রায় নেপালে গিয়েছিলেন।
জানা গিয়েছে, দলটি গত ২১ আগস্ট কলকাতা থেকে রওনা দেয় এবং ২২ আগস্ট নেপালে পৌঁছয়। মঙ্গলবার পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ ছিল। বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত পার হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু সীমান্ত এলাকার কাছে পৌঁছনোর পর থেকেই আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
নেপালের রাসুয়া এলাকায় ভয়াবহ বন্যা ও হড়পা বানে রাস্তা, সেতু এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুর্গম এলাকায় আটকে থাকা পর্যটকদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নিখোঁজদের পরিবারগুলির মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে নিখোঁজ ভারতীয়দের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফেও হেল্পলাইন চালু করা হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে।
কলকাতার এই ৩২ জনের নিরাপত্তা নিয়ে এখন উৎকণ্ঠায় তাঁদের পরিবার ও পরিজনেরা। তাঁদের দ্রুত সন্ধান ও নিরাপদ উদ্ধারের দিকেই এখন তাকিয়ে সকলে।