BREAKING
সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের সঙ্গে থাকুন

যাদবপুরে অশান্তি নিয়ে দিলীপের কড়া বার্তা, দেশবিরোধী স্লোগান উঠলে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি

যাদবপুরে অশান্তি নিয়ে দিলীপের কড়া বার্তা, দেশবিরোধী স্লোগান উঠলে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তি ও সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে মুখ খুলে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, অতীতে তৃণমূল সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রাতর্ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফের দেশবিরোধী স্লোগান বা কার্যকলাপ দেখা গেলে কড়া পদক্ষেপ করা হবে। এ প্রসঙ্গে তিনি অতীতে যাদবপুরে সংঘটিত ঘটনার উল্লেখ করে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর কথাও বলেন। দিলীপের বক্তব্য অনুযায়ী, আগে একই ধরনের পরিস্থিতি তৈরি হলেও অনেকেই প্রতিবাদ করেননি। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার সেই সময় দেশবিরোধীদের প্রশ্রয় দিয়েছিল। তিনি দাবি করেন, অতীতেও তাঁদের পক্ষ থেকে যাদবপুরে পদক্ষেপ করা হয়েছিল এবং এসএফআই-এর অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। এ দিনের বক্তব্যে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও টেনে আনেন দিলীপ। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পর পরিস্থিতিও বদলেছে। আগামী কয়েক মাসের মধ্যে আরও পরিবর্তন দেখা যাবে বলেও ইঙ্গিত দেন তিনি। এ দিকে বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল বডি মিটিংকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ ওঠার পাশাপাশি বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ করা হয়েছে। ঘটনার কারণ ও সূত্র খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীদারকে নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। ক্যাম্পাসে শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। অন্য দিকে, অরবিন্দ ভবনে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ের গৌরবচিহ্ন ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদে শিক্ষক সংগঠনের তরফে শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনও যাদবপুরের ঘটনার নিন্দা জানিয়েছে।